দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ তাঁর সেই মন্তব্যকে ঘিরে শুক্রবারের পর শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা । এদিন অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল শাসকদল তৃণমূল কংগ্রেস । তারই প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা । বিধানসভার বারান্দায় দাঁড়িয়ে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়, যার জেরে সাময়িকভাবে বিঘ্নিত হয় সভার কাজ ।অগ্নিমিত্রার মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়করা। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন স্পিকার। শনিবার সকালে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দাবি, “আমাদের বিধায়ক তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। স্পিকার তাঁকে বলতে বলেছিলেন। তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন। তারপরেও জোর করে শুধুমাত্র দু’জন সংখ্যালঘু বিধায়ক-মন্ত্রীর অনুরোধে তাঁদের তুষ্ট করতে বাধ্য হয়ে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছে। সংখ্যাধিক্যের কারণে ওঁরা এই প্রস্তাব পাশ করবে। তাই বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে তীব্র নিন্দা করছি। অধিবেশন বয়কট করছি।”ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার । বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা খাতে রাজ্য সরকারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন । তাঁর বক্তব্যের মূল সুর ছিল, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষার নামে তোষণ রাজনীতি করছে । তিনি প্রশ্ন ছোড়েন, “মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে?” এখানেই থেমে থাকেননি তিনি । অভিযোগের সুরে তিনি আরও বলেন, “রাজ্য সরকার সংখ্যালঘুদের ‘ক্রিমিনাল’ বা অপরাধী তৈরি করার চেষ্টা করছে।”
Hindustan TV Bangla Bengali News Portal