নিজস্ব সংবাদদাতা ,কলকাতা :- বাংলার চার জায়গায় বাড়ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়সীমা| মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর কলকাতা, কার্শিয়ং- এই চার জায়গায় কাজ অনেকটা বাকি| সেই কথা জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন সংশ্লিষ্ট জায়গার আধিকারিকরা। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর, জায়গাগুলিতে বাড়তে চলেছে শুনানির সময়সীমা।শুনানির সময়সীমা বাড়লে সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও পিছিয়ে যাবে। আগামিকালই শুনানির সময়সীমা বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হবে বলেই কমিশন সূত্রে খবর।অন্যদিকে জানা যাচ্ছে, শুনানির নোটিস পাওয়ার পর প্রায় ৫ লক্ষ ভোটার শুনানি প্রক্রিয়ায় অংশ নেননি। তাঁদের নাম বাদ যাবে বলেই প্রাথমিক অনুমান। আগে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। তার সঙ্গে এই ৫ লক্ষকে যোগ করলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৬৩ লক্ষে। আরও নাম যেতে পারে বলে জল্পনা।দু’টি বিধানসভা কেন্দ্র যেমন কার্শিয়াং ও মেটিয়াবুরুজে শুনানি ঢিমেতালে চলছে। সেখানে শুনানিতে গতি আনতে আরও ৫০ জন এইআরও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশনের শীর্ষকর্তাদের মতে, সময়মতো শুনানি শেষ না হলে সময়সীমা বাড়াতেই হবে। সেক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অসম্ভব।এদিকে, শুনানি শেষ হওয়ার আগেই ৫০ হাজার মানুষের নাম বাদ দেওয়ার সুপারিশ করল ইআরও-রা। এই ৫০ হাজার মানুষ কেউ শুনানিতে আসেননি। কোনও খোঁজও পাওয়া যায়নি। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল নির্বাচন কমিশন। নো ম্যাপিংয়ে প্রায় ১০ শতাংশের বেশি ভোটার আসেননি। ঝাড়াই বাছাই করে তার থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। ম্যাপড ভোটার তাঁরা, অথচ আসেননি। সেখানেও খতিয়ে দেখার পর বাদ দেওয়া হয়েছে কয়েক হাজার ভোটারকে। FRRO-র পাওয়া তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সব মিলিয়ে ৫০ হাজার ভুয়ো ভোটার বাদ বলেই কমিশন সূত্রে খবর।
Hindustan TV Bangla Bengali News Portal