Breaking News

এপ্রিলেই চালু বাংলায় ১০ তলা ক্যানসার হাব, এক ছাদের তলায় মিলবে আধুনিক চিকিৎসা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-একছাদের তলায় মিলবে একাধিক চিকিৎসা পরিষেবা। বাংলাতেই এবার অত্যাধুনিক ক্যানসার হাব । ক্যানসার রোগীদের আগামী দিনে চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন কমবে। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি বছর এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে সরকারি পরিকাঠামোয় বাংলার নতুন ১০ তলা ক্যানসার হাব।প্রাথমিকভাবে এখানে সার্জিকাল অঙ্কোলজি, মেডিক্যাল অঙ্কোলজি ও রেডিওথেরাপির আউটডোর পরিষেবা শুরু হবে। পরে ধাপে ধাপে ইনডোর পরিষেবাও চালু করা হবে। শুক্রবার এসএসকেএম হাসপাতালে ক্যানসার সচেতনতা অনুষ্ঠানে হাবের চেয়ারম্যান ডা. অলোক ঘোষ দস্তিদার জানান, এপ্রিল থেকেই ওপিডি পরিষেবা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এসএসকেএম হাসপাতালের বিপরীতে তৈরি এই জি+৯ তলা ক্যানসার হাবে থাকছে উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা। এক ছাদের তলায় অত্যাধুনিক রেডিওথেরাপি, উন্নত কেমোথেরাপি ও বিশেষজ্ঞ মেডিক্যাল অঙ্কোলজি পরিষেবা মিলবে। সরকারি ক্ষেত্রে প্রথমবারের মতো এখানে চালু হচ্ছে ক্যানসার চিকিৎসার ডে-কেয়ার সেন্টার, যেখানে রোগীরা দিনে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া থাকছে আলাদা অঙ্কো-প্যাথোলজি বিভাগ। এখানে ক্যানসার নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা—বায়োপসি, এফএনএসি, হিস্টোপ্যাথলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ও টিউমার মার্কার টেস্ট—এক জায়গাতেই করা যাবে। ভবিষ্যতে এই বিভাগে ডিএম কোর্সও চালু করার পরিকল্পনা রয়েছে।ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি এসে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ব্র্যাকিথেরাপি মেশিন, যা পূর্ব ভারতে কোনও সরকারি হাসপাতালে এই প্রথম বসানো হচ্ছে। এই পদ্ধতিতে ক্যানসার টিউমারের একেবারে কাছে রেডিয়েশন দিয়ে ক্যানসার কোষ ধ্বংস করা হয়, ফলে আশপাশের সুস্থ টিস্যুর ক্ষতি কম হয়।রেডিওথেরাপির অন্যান্য যন্ত্রও এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে। এখন অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের ছাড়পত্রের অপেক্ষা। বিশেষজ্ঞদের মতে, আগামী দু’মাসের মধ্যেই সেই অনুমোদন মিলতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *