প্রসেনজিৎ ধর, কলকাতা :- ছাত্র আন্দোলনের জেরে পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার। পিছিয়ে দেওয়া হল এক মাস। এর ফলে মার্চ মাসের ২৭ তারিখ থেকে হবে পরীক্ষা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়।শুক্রবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা হবে আগামী ১৭ মার্চ, ৩০ মার্চ ও ২ এপ্রিল। আগে এই পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহ ও মার্চের শুরুতে। তবে লিখিত পরীক্ষার তারিখ বদলালেও প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যেই সংশ্লিষ্ট কলেজগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পন্ন করতে হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় সেমেস্টার শেষ হওয়ার পর বিভিন্ন কলেজে তৃতীয় সেমেস্টারের ক্লাস শুরু হয়েছে মাত্র প্রায় ৪০ দিন আগে। অথচ এর মধ্যেই পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করায় কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পড়ুয়াদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। পড়ুয়াদের দাবি, পর্যাপ্ত ক্লাস না হওয়ায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যায়নি।এই পরিস্থিতিতে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। পরীক্ষার সূচি পুনর্বিবেচনার দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, “ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আমরা পরীক্ষার সূচিতে পরিবর্তন করেছি। তবে থিওরি পরীক্ষার দিন পরিবর্তন হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকছে।”
Hindustan TV Bangla Bengali News Portal