প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার সকাল সকালই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষও। আর সে খবর ছড়িয়ে পড়তেই টলিউডে শোরগোল। তাহলে কি ভোটের আগে প্রসেনজিৎকে ঘিরে নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে টলিপাড়া? জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত মজুমদারের শনিবারের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক|উপস্থিত ছিলেন রাজ্য কালচারাল সেলের আহ্বায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকে। পদ্মশ্রী প্রাপ্তির শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎকে উত্তরীয় পরানো হয় এবং ফুলের তোড়া তুলে দেওয়া হয় তাঁর হাতে। নিছক সৌজন্য সাক্ষাৎ হলেও, রাজনৈতিক মহলে ঘটনাটি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ ভোটমুখী বাংলায় সম্প্রতি একাধিক তারকার বাড়িতে রাজনৈতিক নেতাদের যাতায়াত বিশেষভাবে নজর কাড়ছে। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির সূত্রে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন, সেই সাক্ষাৎ নিয়েও কম আলোচনা হয়নি।বিজেপি সূত্রের খবর, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে কোনও কথা হয়নি। কুশল বিনিময় হয়েছে। পদ্মশ্রী সম্মান পাওয়ার পরে বিজেপির তরফ থেকে শুভেচ্ছা জানানোর জন্যই অভিনেতার বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, রুদ্রনীল ঘোষরা।
Hindustan TV Bangla Bengali News Portal