Breaking News

মহেশতলায় মাইক্রোসফটের ভুয়ো কলসেন্টার চক্র! মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবার প্রতারণায় গ্রেফতার ৮

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহেশতলার একটি ফ্ল্যাট থেকেই চলছিল সুদূর আমেরিকায় সাইবার প্রতারণার চক্র। মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট কর্মী পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের ফাঁদে ফেলত প্রতারকরা। অভিযান চালিয়ে এই ভুয়ো কলসেন্টার ভেঙে দিল কলকাতা পুলিশের সাইবার সেল। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। অভিযুক্তরা গার্ডেনরিচ, এন্টালি, বেনিয়াপুকুর, তিলজলা, নিউ মার্কেট, করেয়া এবং শ্রীরামপুরের (হুগলি) বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন ও দু’টি রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলার গ্রিনফিল্ড সিটি আবাসনের একটি ফ্ল্যাটে বসেই গোটা অপারেশন চালানো হত। আমেরিকার বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়ো কাস্টমার সাপোর্ট নম্বর ছড়িয়ে দেওয়া হত। কেউ সেই নম্বরে যোগাযোগ করলেই, নিজেদের মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ পরিচয় দিয়ে কথা বলত চক্রের সদস্যরা। তারপর টিম ভিউয়ার, আলট্রা ভিউয়ার, এনি ডেস্কের মতো রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ইনস্টল করিয়ে নেওয়া হতো। সেই সূত্রে ভুক্তভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে টাকা সরিয়ে নেওয়া হতো। হাতানো অর্থ কখনও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরানো হয়েছে, কখনও আবার অ্যাপল গিফট কার্ডে রূপান্তর করা হয়েছে। পরিচয় গোপন রাখতে উন্নত ভিপিএন ব্যবহার করত অভিযুক্তরা। এই ভুয়ো পরিচয়ের আড়ালে মার্কিন নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করা হতো। এরপর নানা কৌশলে চলত প্রতারণা। এমনকী এই জাল সোশাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “তদন্ত চলছে। আরও কেউ যুক্ত থাকতে পারে৷”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *