Breaking News

শুরুতেই বিপত্তি!গোসাবায় বিজেপির কর্মশালায় দিলীপকে নিয়েই ভেঙে পড়ল সভামঞ্চ

প্রসেনজিৎ ধর :-গোসাবায় বিজেপির কর্মশালা শুরুর আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সভামঞ্চ। ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কর্মশালা চত্বরে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান দিলীপ ঘোষ সহ উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।রাজ্য জুড়ে বিজেপির ‘সংকল্প পত্র’ অভিযান শুরু হয়েছে ৷ যেখানে সাধারণ মানুষ বিজেপি ক্ষমতায় এলে কী দাবি করছে, তা লিখে নির্ধারিত একটি ড্রপ বক্সে ফেলে জানাতে পারবে ৷ দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ঘাট সংলগ্ন বিজেপির কার্যালয়ের বাইরে এক নম্বর মণ্ডলের উদ্যোগে ‘সংকল্প পত্র’ অভিযান কর্মসূচি ও কর্মশালার আয়োজন করা হয়েছিল ৷ সেখানে প্রধান বক্তা ছিলেন দিলীপ ঘোষ ৷ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সেখানকার প্রায় দেড়শো নেতা কর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ ৷ তবে, তাঁর সভা শুরু হওয়ার আগেই মঞ্চের কিছুটা অংশ বসে যায় ৷ জানা গিয়েছে, দিলীপ ঘোষ মঞ্চে ওঠার পরেই প্রচুর লোকজন তাঁর আশেপাশে ঘোরা ফেরা করতে থাকে ৷ ভিড়ের চাপেই সেই মঞ্চ বিকট শব্দে বসে যায় ৷সেখানে উপস্থিত দিলীপ ঘোষের নিরাপত্তাররক্ষীরা তাঁকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান ৷ পরে মঞ্চের মেরামতি করা হলে, তিনি সেখান থেকেই ভাষণ দেন ৷ তবে, মঞ্চ ভেঙে যাওয়া নিয়ে বিজেপি নেতা বলেন, “মঞ্চ ভেঙে যায়নি ৷ নরম কাদামাটির উপরে বাঁশের খুটি থাকায় একটা দিক বসে গেছিল ৷ এখানে বিজেপিকে সভা করার জন্য হোটেল, হল কিছুই দেওয়া হচ্ছে না ৷ ভয় দেখানো হচ্ছে ৷ তাই বাধ্য হয়ে পার্টি অফিসের বাইরে কাদামাটির উপরে এই মঞ্চ বাঁধা হয়েছে ৷”এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সভা ও কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশের মতে, অস্থায়ী মঞ্চ নির্মাণে পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি বলেই এই বিপত্তি ঘটে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *