দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গ বিধানসভার অন্দরে বিধায়কদের নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ নিয়ে মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষ – উভয়েই সাংবিধানিক পদে আসীন। ফলে মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী-সহ বিধানসভায় প্রবেশ করলেও তা আদালত অবমাননার মধ্যে পড়ে না।বিধানসভার ভিতরে নিরাপত্তারক্ষী-সহ প্রবেশ করার বিষয়ে বিরোধী দলনেতার দায়ের করা মামলায় এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) তাঁর বক্তব্য জানান ৷ সেখানে তিনি বলেন, “এখানে চারটি সাংবিধানিক কর্তৃপক্ষ (পদ) রয়েছে- মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, বিচারপতি এবং অ্যাডভোকেট জেনারেল ৷ এর বাইরে কেউ (বিরোধী দলনেতা) নিজেকে সাংবিধানিক পদের সমান বলে দাবি করতে পারেন না ৷” এজি-র এই বক্তব্যের পর বিচারপতি অমৃতা সিনহা তাঁর পর্যবেক্ষণে বলেন, “আদালতও বিধানসভার ভিতরের নিরাপত্তার বিষয়ে ঢুকতে চায় না ৷ তবে এই মামলার পরবর্তী শুনানি করার আগে আদালত মনে করে, বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রেও নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয় ৷”
পাশাপাশি, বিধানসভার অধ্যক্ষের জারি করা নিরাপত্তারক্ষী বিষয়ক বিজ্ঞপ্তি সব বিধায়কের জন্যই প্রযোজ্য হওয়া উচিত বলে উল্লেখ করেছেন তিনি ৷ আপাতত ২৭ এপ্রিল পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি থাকবে বলে জানিয়েছেন বিচারপতি ৷
Hindustan TV Bangla Bengali News Portal