প্রসেনজিৎ ধর, কলকাতা :- মার্চেই বঙ্গে বেজে যেতে পারে বিধানসভা নির্বাচনের দামামা। সব ঠিক থাকলে আগামী ২ মার্চই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার মাত্র তিন দফাতেই রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে।বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত। প্রয়োজনীয় লোকবল রয়েছে তাদের হাতে। যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় তাহলে, এক দফায় ভোট করা যাবে। এতে ভোট হিংসাও কমে যাবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তিন দফায় ভোট করাতে ইচ্ছুক বলে সূত্রের খবর। লোকবল ও প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিও ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে।সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের ৮টি জেলায় এক দফাতেই ভোট হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিকে ২ দফায় ভাগ করে ভোট করানোর কথা ভাবছে কমিশন। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদীয়াতে ভোট হতে পারে এক দফায়। অন্যদিকে ২ দফায় ভোট হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বর্তমানে এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে। খুব শীঘ্রই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকে সবুজ সংকেত মিললেই ২ মার্চ চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী কোন কোন এলাকায় মোতায়েন করা সম্ভব, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন।নির্বাচন কমিশন সূত্রে খবর, গত কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবার পাঁচটি জেলাকে ‘অশান্তিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলিতে বাড়তি নজরদারি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জেলাগুলি হলো মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এই জেলাগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal