প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে আদালতে আত্মসমর্পণ আখতার আলির। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তিনি হাজির হয়েছিলেন। জামিনের আবেদনও করা হয়। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আখতার আলিকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আখতার আলি মামলা দীর্ঘতর করছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আদালতে এদিন সেই দাবি করেছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত।মঙ্গলবার সকালে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তী সময়ে তাঁকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এক সময় যিনি নিজেকে এই দুর্নীতির ‘হুইসেল ব্লোয়ার’ বলে দাবি করেছিলেন, তদন্তের অগ্রগতিতে তাঁর নামই উঠে এসেছে অভিযুক্তদের তালিকায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলাকালীন একাধিক নথি ও আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে, যেখানে আখতার আলির ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সব তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করে। এরপরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
Hindustan TV Bangla Bengali News Portal