প্রসেনজিৎ ধর, কলকাতা :-খোদ প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলে সাইবার প্রতারণার শিকার। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়েরের পর ওড়িশা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই সাইবার জালিয়াতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।গত মাসের ২৭ জানুয়ারি দিল্লিতে থাকাকালীন মনোজ ভার্মার ছেলে পীযূষ ভর্মা পেইং গেস্ট বুকিং করার সময় প্রতারণার শিকার হন। যে ওয়েবসাইট থেকে তিনি বুক করছিলেন, সেই সাইটটি প্রতারণা ফাঁদ ছিল।৩০ হাজার টাকা প্রতারণার শিকার হন মনোজ ভার্মার ছেলে, উনি কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করেন বলে জানা গিয়েছে।যে অ্যাকাউন্টে টাকা যায়, সেটি ওড়িশার। অ্যাকাউন্ট হোল্ডার রাকেশ প্রধানকে গ্রেফতার করা হয় ৪ ফেব্রুয়ারি। ঘটনাটি দিল্লিতে ঘটলেও পীয়ুষ কলকাতায় এসে গত ২ ফেব্রুয়ারি লালবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার সেল। তদন্তে নেমে ওড়িশা থেকে রাকেশ প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে জেরায় রাকেশ দাবি করেছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছে দিল্লির দুই ব্যক্তি— সঞ্জয় ও অক্ষয়। তাদের নির্দেশেই লেনদেন হয়েছে বলে তার দাবি। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা রাকেশকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal