নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- হুমায়ুন কবীরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কোনওরকম জোটের পথে হাঁটছে না সিপিএম, এমনই ইঙ্গিত দিয়ে দিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী | যদিও হুমায়ুনের সঙ্গে সিপিএমের যোগ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ|
হুমায়ুন বলেছেন, ‘‘বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজ এসব কথা বলছেন, তাঁরা হয়তো জানেন না যে, তাঁদের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম শুধু একটি পাঁচতারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি। আরও পাঁচতারা হোটেলে দেখা করেছেন। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন। এবং, এই সমালোচনার পরও আমার মহম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে। তিনি এখনও বলছেন, আশ্বস্ত করছেন যে, তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন।’’হুমায়ুন এমনও স্পষ্ট করেছেন যে, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর দরজা খোলা থাকবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে তিনি জানাবেন মিম, আইএসএফ, সিপিএম কার সঙ্গে জোট বাঁধছেন। সেলিম এখনও গোপনে তাঁর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন, এই দাবি হুমায়ুন করার পর বাম মহলে ফের বিতর্ক দানা বেধেছে। হুমায়ুন-সেলিম যোগাযোগ নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘হুমায়ুন যদি বলে থাকে তার সঙ্গে এখনও সেলিম যোগাযোগ রাখছেন, সেটা সেলিম বলতে পারবেন। আসলে সিপিএম অস্তিত্বের সঙ্কটে ভুগছে। একে ফোন-একে ফোন করছেন সেলিম। সিপিএমের মুরোদ নেই একা লড়ার। কখনও কংগ্রেস, কখনও নওশাদ, কখনও হুমায়ুনকে ধরতে যাচ্ছে।’’
Hindustan TV Bangla Bengali News Portal