নিজস্ব সংবাদদাতা, হুগলি:- দিনের আলোয় টর্চলাইট জ্বালিয়ে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের খোঁজ করতে বেরোলেন তৃণমূলের নেতা–কর্মীরা। তাঁদের হাতে ছিল পোস্টার। তাতে লেখা, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে যোগাযোগ করবেন। খুঁজতে খুঁজতে তাঁরা পৌঁছে গেলেন গোঘাট থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে ‘নিখোঁজ’ ডায়েরিও করলেন তাঁরা।এদিকে থানায় গিয়ে আত্মসর্মপণ করে বিধায়কের দাবি তিনি বহাল তবিয়তে রয়েছেন। এমনই এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলেন গোঘাটের মানুষ। সেই দৃশ্য তারিয়ে তারিয়ে উপভোগ করলেন অনেকে। তৃণমূলের অভিযোগ, গোঘাটের ভোটাররা বিশ্বানাথ কারককে ভোট দিয়ে নির্বাচিত করলেও এলাকায় তাঁর দেখা মেলে না। ভোটে জেতার পর থেকেই তিনি খুব একটা গোঘাটমুখো হননি। বেশিরভাগ সময় আরামবাগ শহরেই থাকেন। ফলে বিধায়কের কাছ থেকে ন্যূনতম পরিষেবাটুকুও পাচ্ছে না মানুষ।মিছিলে অংশ নেওয়া আরামবাগের এক বাসিন্দা বলেন, “আমাদের বিধায়ক মধুসূদন বাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেছি কিন্তু তাঁর খোঁজ নেই। কোনও বিপদে তাঁকে পাওয়া যায় না।” বিধায়ক তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন তিনি।থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে বিজেপি বিধায়ক বলেন, “একজনকেও দেখাতে পারবেন যাঁরা আমার সই নিতে গিয়ে ফিরে এসেছেন। এই মিছিল তৃণমূলের নেতৃত্বে হয়েছে। ওরা ভোটের আগে কিছু ইস্যুতে খুঁজে পাচ্ছে না। গতবারের বিধানসভা নির্বাচনের সময় দেওয়া চাকরির প্রতিশ্রুতি রাখতে পারেনি। কোনও কাজ করেনি। মানুষের কাছে যেতে পারছে না। তাই এই সব করছে।”
Hindustan TV Bangla Bengali News Portal