দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মার্চের মাঝামাঝি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল সমাবেশের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| সম্ভাব্য তারিখ হিসেবে ১৫ মার্চ বিবেচনা করা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি| ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের দলের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডে একত্রিত হবে। দোলযাত্রার পরই বাংলায় রথযাত্রা কর্মসূচি শুরু করে দেবে বিজেপি নেতৃত্ব। পরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই জনসভা শুরু হয়ে যাবে। নরেন্দ্র মোদী-অমিত শাহদের একাধিক জনসভা রয়েছে বাংলায়। তবে কলকাতা জোনে ব্রিগেডেই জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েতে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে নিয়ে আসা হবে। অবশ্য শুধু কলকাতা নয়, শহরে ভাবনার বাস্তবায়ন ঘটলে উত্তরবঙ্গেও ব্রিগেডের মতোই জনসভা করতে পারে বিজেপি। শিলিগুড়িতেও প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে এটা বড় জনসভা করানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। এদিকে, চলতি মাসের মধ্যেই বিধানসভা ভিত্তিক প্রার্থী তালিকা জেলাগুলি থেকে নিয়ে দিল্লির কাছে পাঠিয়ে দিতে চায় রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম দিয়ে মোট ২৯৪টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা পড়বে হাইকমান্ডের কাছে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে তা কাটাছেঁড়া করে বিধানসভা পিছু তিনটি করে নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। সেখান থেকেই বাছাই হয়ে আসবে চূড়ান্ত তালিকা। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সেই তালিকা কয়েক দফায় প্রকাশ করাও শুরু করে দিতে পারে বিজেপি|
Hindustan TV Bangla Bengali News Portal