Breaking News

আরজি কর দুর্নীতি মামলায় ইডি চার্জশিট দিলেও সন্দীপদের বিচারপ্রক্রিয়া থমকে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চার্জশিট পেশ করলেও সন্দীপ ঘোষ-সহ চার জনের বিরুদ্ধে পরবর্তী বিচারপ্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। সোমবার বিচার ভবনে আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলার শুনানিতে এমনটাই জানাল ইডি। ইডির তরফে নিম্ন আদালতে জানানো হয়েছে, সন্দীপের চার্জশিটের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে ‘প্রয়োজনীয় স্যাংশন’ (অনুমোদন) মেলেনি। ইডি সূত্রে খবর, এই কারণেই সন্দীপদের বিরুদ্ধে চার্জশিট পেশ হলেও তার ভিত্তিতে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ এপ্রিল।আর জি কর কাণ্ডের সময় সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ইডির তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যার ভিত্তিতে সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে। নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি ও কালিন্দীর একটি ওষুধের দোকান-সহ একাধিক জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। একে একে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরারা। জানা যায়, ধৃত বিপ্লব ও সুমনরা ভেন্ডার ছিলেন। এই মামলায় শেষ গ্রেপ্তার সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলি। মোট চারজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।এই মামলায় আগেই চার্জশিট জমা দেয় সিবিআই। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নাম রয়েছে সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরাদের। আজ সোমবার মামলার পরবর্তী বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সুন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের তরফে প্রয়োজনীয় অনুমোদন না আসায় তা এদিন সম্ভব হয়নি। বলে রাখা প্রয়োজন, কেউ যদি সরকারি কোনও পদে থাকেন তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়লে এবং বিচারপ্রক্রিয়া এগোনোর জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। এক্ষেত্রে রাজ্যেও অনুমোদন প্রয়োজন। আর তা না মেলায় এদিনের মতো পিছিয়ে যায় বিচার প্রক্রিয়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *