দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী হতে চেয়ে নিজের বায়োডেটা জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। মেদিনীপুর, বীজপুর এবং নিউ টাউন- এই তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে রাজ্য বিজেপির সদর দফতরে বায়োডেটা জমা দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে রিঙ্কু মজুমদার বলেন, ‘আমি বিজেপিরই কর্মী। দীর্ঘ দিন এই দল করছি। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও যদি সুযোগ না পাই, তা হলে কে পাবেন!’ অন্যদিকে, দিলীপ ঘোষের মন্তব্য, ‘অনেকেই প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন। দল ঠিক করবে, কাকে প্রার্থী করা হবে, কাকে হবে না।’এ দিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ । সেখানে তাঁকে স্ত্রী রিঙ্কুর প্রার্থী হওয়ায় বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “দলে আমার থেকেও পুরনো। অনেক দিনের কার্যকর্তা। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওঁর ইচ্ছা হয়েছে আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করেছে। কে প্রার্থী হবেন দল ঠিক করবে।”সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি বায়োডেটা জমা করেছেন দিলীপ পত্নী রিঙ্কু। ওই দিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দফতরে গিয়ে একজনের হাতে এই বায়োডেটা তুলে দিয়েছেন তিনি। ওই বায়োডেটায় রিঙ্কু তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। মেদিনীপুর শহর, বীজপুর ও নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal