দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ অর্থাৎ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে রাজ্যে। বাকি ২৪০ কোম্পানি আধাসেনা আসবে ১০ মার্চ। সেই সময় রাজ্যে আসবে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি মোতায়েন করা হবে রাজ্যে। মূলত বিভিন্ন এলাকায় টহল দেওয়া, স্পর্শকাতর বুথগুলিতে টহল দিয়ে ভোটারদের মনোবল বাড়ানো ও ইভিএম পাহারা দেওয়ার মতো কাজ করবে আধাসেনা। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ভোটার তালিকা প্রকাশের কথা। ঘটনাচক্রে তার পর দিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয়েছিল আট দফায়। রাজ্য প্রশাসনকে আগেই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ বুথগুলিকে চিহ্নিত করতে বলেছিল নির্বাচন কমিশন। জ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের এক সিনিয়র আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরেই। সিইও দফতর এ রাজ্যে এক দফাতেই নির্বাচন আয়োজন করার পক্ষপাতী। তারা ইতিমধ্যে সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal