প্রসেনজিৎ ধর, কলকাতা :- ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। এদিন তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি।উত্তরীয় পরিয়ে, স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শুভেচ্ছা, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে রাজবংশী সম্প্রদায়ের অগ্রদূত চিলা রায়ের রচিত কবিতা আবৃত্তি করেন অনন্ত মহারাজ। মাতৃভাষায় তাঁর বক্তব্য অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। তিনি বলেন, ‘আমরা সবকিছু হারিয়েছি। আমাদের বঞ্চনার সীমা নেই। বিজেপির সাংসদ হলেও আমি আমার মানুষের কথা বলব।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বার্তায় স্পষ্টই ছিল নিজস্ব অবস্থান জোরদারের ইঙ্গিত। উল্লেখ্য, বিজেপির সমর্থনে রাজ্যসভায় গেলেও গত কয়েক মাস ধরে গেরুয়া শিবিরের সঙ্গে অনন্ত মহারাজের সম্পর্ক অম্লমধুর। মাঝে মধ্যেই দলীয় অবস্থানের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে তাঁকে। এই প্রেক্ষাপটে কলকাতার মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে বলেই মনে করছে একাংশ।ভাষা দিবসের অনুষ্ঠানে এদিন অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়। তিনি ছাড়াও এদিন বঙ্গবিভূষণ সম্মান পান শিবাজী চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গণেশচন্দ্র হালুই, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী এবং শ্রীজাত। তবে রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি আগ্রহ ছিল অনন্ত মহারাজকে নিয়ে। বঙ্গবিভূষণ সম্মান পেয়ে তিনি কী বলেন, সেদিকে তাকিয়ে ছিল সবাই।অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান পাওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ। আমরা একইসঙ্গে রাজ্যসভায় পাশাপাশি বসি। আমার সতীর্থ যদি পুরস্কৃত হন, সম্মানিত হন, আমার কাছে এর চেয়ে আনন্দের কিছু নেই।”
২০২৩ সালের অগস্টে বাংলা থেকে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হন অনন্ত মহারাজ। তবে বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব সামনে এসেছে। এবার ভোটের আগে বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর অনন্ত মহারাজ যা বললেন, তাতে বিজেপি বেকায়দায় পড়বে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal