দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
বিগত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতীক উর রহমান। তিনিই শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে আমতলার দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন |বিকেল ৪টা ১০ মিনিট নাগাদ দফতরে পৌঁছে অভিষেকের সঙ্গে বৈঠক করেন প্রতীক উর। এরপরই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি।এরপরই তড়িঘড়ি তাঁকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। ঘটনাচক্রে, চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভায় অভিষেকের বিরুদ্ধেই সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রতীক-উর, দু’বছর পর তাঁর হাত থেকেই তৃণমূলের পতাকা নিতে চলেছেন বামপন্থী তরুণ নেতা। সেই কেন্দ্রের আমতলাতেই এদিন শাসক দলে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়েছিলেন প্রতীক। ফলাফল অনুযায়ী এই কেন্দ্র থেকে তৃতীয় স্থানে ছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে দু’টি বছর। সিপিএম দলে এর পর থেকে কোণঠাসা হতে হয়েছে বলে দাবি করেন প্রতীক। সম্প্রতি সিপিএমের রাজ্যব্যাপী কর্মসূচি ‘বাংলা বাঁচাও যাত্রা’তেও দেখা যায়নি প্রতীককে। চলতি সপ্তাহে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতীক জানিয়েছিলেন, দল তাঁকে সাইডলাইন করার পাশাপাশি ‘ব্যক্তিগত’ আক্রমণ করা শুরু করেছিল। সেই কারণেই সিপিএম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। এদিন তৃণমূলে যোগদানের পরে প্রতীক বলেন, ‘আমার মনে হয়েছে, এই সময়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, বিজেপিকে আটকানোর জন্যে যে ভাবে গোটা দেশে মানুষের কণ্ঠরোধ হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সবথেকে বড় শক্তি হলো তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি।’
Hindustan TV Bangla Bengali News Portal