প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের পক্ষ থেকে আইনি নোটিস পাঠানো হল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে| আগামী ৭ দিনের মধ্যে সুকান্তকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।রাজীব কুমারের আইনজীবী নন্দিনী চট্টোপাধ্যায় নোটিসে উল্লেখ করেছেন, একটি ভিডিওতে তাঁর মক্কেলের বিরুদ্ধে ভুয়ো ও কুৎসিত অভিযোগ আনা হয়েছে, যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। ওই ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, ভিডিওটিতে দুর্নীতি, বেআইনি আর্থিক লেনদেন-সহ একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এমনকি তাঁকে ‘দুর্নীতিগ্রস্ত’ বা ‘দালাল’ বলেও কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবীর দাবি, জনসমক্ষে তাঁর সম্মানহানি ঘটানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই প্রচার চালানো হয়েছে।চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, অবিলম্বে সংশ্লিষ্ট ভিডিওটি সব সামাজিক মাধ্যম ও জনপরিসর থেকে সরাতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সাত দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অবসর নেন রাজীব কুমার। তাঁর অবসর ঘিরে ‘দিদি তেরা ডিজি দিওয়ানা’ বলে গান গেয়ে কটাক্ষ করেছিলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাবি করেছিলেন, অবসরের পরেও মুখ্যমন্ত্রী ডিজিকে ছাড়তে চাইছেন না। সেই মন্তব্য ও ভিডিও ঘিরেই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
Hindustan TV Bangla Bengali News Portal