সুমন দেবনাথ:- অঙ্কুরহাটিতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি কন্টেনারের ধাক্কায় প্রাণ হারাল ১৩ বছরের এক কিশোর। গুরুতর আহত অবস্থায় আরও এক কিশোর বর্তমানে কলকাতার পিজি হাসপাতাল-এ চিকিৎসাধীন। বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুই নাবালক একটি বাইকে করে অঙ্কুরহাটির দিকে যাচ্ছিল। সেই সময় একটি দ্রুতগতির কন্টেনার তাদের বাইকটিকে সজোরে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় দুই কিশোর রাস্তার ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অপরজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন।
মৃত কিশোরের নাম সারওয়ার নস্কর (১৩)। সে নবম শ্রেণির ছাত্র এবং বাড়ি ডোমজুর থানার কোরলায়। আহত কিশোর শেখ মহম্মদ কায়েব (১৫), দশম শ্রেণির ছাত্র, পাঁচলার হাকোলার বাসিন্দা। সম্পর্কে তারা মামা-ভাগ্নে বলে পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার হাটের দিনে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।এলাকাবাসীর অভিযোগ, অঙ্কুরহাটির এই মোড়টি এখন কার্যত ‘ডেথ ট্র্যাপ’-এ পরিণত হয়েছে। তাঁদের দাবি, গত রাতেও ঠিক একই জায়গায় আরেকটি দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাটের দিনে এলাকায় ভিড় বেশি থাকলেও পুলিশের নজরদারি যথেষ্ট থাকে না। স্থানীয় বাসিন্দাদের কথায়,“এখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে এবং মানুষের মৃত্যু হয়। সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশের উপস্থিতি থাকলে আজ এই প্রাণহানি হতো না।”
পুলিশ জানিয়েছে, ঘাতক কন্টেনারটির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, সাতসকালে নাবালকদের বাইক নিয়ে রাস্তায় বেরোনো এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগ নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal