Breaking News

প্রয়াত ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়!হালিশহর শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া মুকুলের, শেষকৃত্যে আগাগোড়া হাজির অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুল রায়ের শেষ যাত্রায় শেষ পর্যন্ত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | বিধানসভায় মুকুল রায়ের মরদেহে মাল্যদানের পর কাঁচরাপাড়ায় গিয়েও মুকুল রায়ের শেষ যাত্রায় পা মেলালেন তিনি | আগাগোড়াই মুকুল পুত্র শুভ্রাংশুর পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় |বঙ্গ রাজনীতিতে নক্ষত্র পতন। রবিবার রাতে প্রয়াত হয়েছেন বঙ্গ রাজনীতি চাণক্য বলে পরিচিত, বর্ষীয়ান তৃণমূল নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় | তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে বয়সজনিত একাধিক রোগে ভুগছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। বাবাকে এভাবে হারিয়ে পুত্র শুভ্রাংশু রায় কার্যত দিশেহারা। এমতাবস্থায় তাঁকে একা ছেড়ে দিচ্ছে না দল। পিতৃহারা শুভ্রাংশুর পাশে একেবারে যথার্থ বন্ধুর মতো দাঁড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় যখন মুকুল রায়কে নিয়ে আসা হয়, সেই সময়ে তাঁকে শ্রদ্ধা জানান একদা সতীর্থরা। পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক। এর পরে মুকুলের নিথর দেহ যখন শেষবার তাঁর বীজপুরের বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছে, সেই সময়ে সেখানে যান অভিষেকও। এই প্রবীণ রাজনীতিককে শ্রদ্ধা জানাতে সেই সময়ে বাড়ির সামনে থিকথিকে ভিড়। মুকুলপুত্র শুভ্রাংশুর সঙ্গে আগাগোড়া থেকেছেন অভিষেক। মুকুল রায়ের বাসভবন থেকে হালিশহর মহাশ্মশান পর্যন্ত একটি শোকমিছিল করা হয়। সেখানে শুভ্রাংশুর সঙ্গে দেখা যায় অভিষেক, পার্থ ভৌমিক, শিউলি সাহাদের। এর পরে মুকুল রায়ের দেহ নিয়ে যাওয়া হয় হালিশহর মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য হয়।২০১৭ সাল নাগাদ বিজেপিতে যোগদান করেন মুকুল রায় | ২০২১ সালের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করে জিতেও যান। তবে তারপরই আবার মুকুলবাবু ফিরে আসেন তৃণমূলে। তারপর অবশ্য খুব বেশিদিন আর রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি। ধীরে ধীরে অসুস্থতা কাবু করে ফেলে তাঁকে।মুকুল রায়ের গুরুতর অসুস্থতার মাঝে সবচেয়ে বেশি তাঁর ও পরিবারের পাশে যাঁরা ছিলেন, তার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের যে হাসপাতালে মুকুলবাবু চিকিৎসাধীন ছিলেন, সেখানে একাধিকবার গিয়ে দেখে এসেছেন অভিষেক। তখন থেকেই মুকুলপুত্র শুভ্রাংশুকে ভরসা জুগিয়েছেন। বারবার শুভ্রাংশুকে তিনি আশ্বাস দিয়েছেন, যে কোনও প্রয়োজনে দল পাশে আছে। এবার মুকুল রায়ের প্রয়াণেও সেই কথা রাখলেন অভিষেক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *