প্রসেনজিৎ ধর, কলকাতা :- কেরলের নাম পরিবর্তন হয়ে হল ‘কেরলম’। ভোটের ঠিক আগেই দক্ষিণের এই রাজ্যের নাম পরিবর্তনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার । এই সিদ্ধান্তের পরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।মমতার বক্তব্য, ‘ওরা পেয়ে গেল, কারণ আজকে কেরালায় বিজেপির সঙ্গে সিপিএমের একটা জোট গড়ে উঠছে বলে। এটা এখন আর অলিখিত জোট নয়, লিখিত জোটই হয়ে গেল। আজকের ঘটনা তার প্রমাণ।’নামের আদ্যক্ষর ‘W’ হওয়ায় প্রশাসনিক টেবিলে পশ্চিমবঙ্গকে যে কতটা বৈষম্যের শিকার হতে হয়, এদিন তার খতিয়ান দেন মমতা। তাঁর আক্ষেপ, ‘‘আমাদের কেন সবসময় ওয়াই-জেডে (তালিকার শেষে) পড়ে থাকতে হবে? আমাদের ছেলেমেয়েরা যখন সর্বভারতীয় পরীক্ষা দিতে যায়, তখন তাদের পিছনের বেঞ্চে বসতে হয়। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে আমি কোনও বৈঠকে গেলেও বর্ণানুক্রমের দায়ে আমাকে সবার শেষে বলার সুযোগ দেওয়া হয়।’’ এই ‘প্রশাসনিক শৃঙ্খল’ থেকে মুক্তি পেতেই রাজ্যের সংস্কৃতি ও দর্শনকে সঙ্গী করে ‘বাংলা’ নামটি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হয়ে গিয়েছে । তার পরেও এই প্রস্তাব দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে পড়ে রয়েছে । তাঁর কথায়, “আমাদের পাঁচ বছর হয়ে গেল, প্রস্তাব পড়ে রয়েছে । আমরা বিধানসভায় পাশ করিয়েছি । কিন্তু বারবার আমাদের নাম বদলের প্রস্তাব আটকে দেওয়া হয়েছে ।”
Hindustan TV Bangla Bengali News Portal