দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করতে চলেছে বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের সদর কার্যালয়ে দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন বিমান বসু ও নওশাদ সিদ্দিকী। বৈঠক শেষে নওশাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছেন, জোট নিয়ে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।বৈঠক সেরে বেরিয়ে নওশাদ স্পষ্ট করে দিয়েছেন, তাঁদের এবারের লড়াই হবে রাজ্যের মূল সমস্যাগুলি নিয়ে। তিনি বলেন, “রাজ্যের ২৫ হাজার প্রাথমিক স্কুল বন্ধের মুখে, সরকারি হাসপাতালে গরিব মানুষ পরিষেবা পাচ্ছেন না। মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের দাবিকে সামনে রেখেই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আমরা একজোট হচ্ছি।” কেবল বাম-আইএসএফ নয়, সমমনস্ক সামাজিক সংগঠনগুলিকেও এই বৃহত্তর ছাতার তলায় আনার চেষ্টা চলছে।২০২১ সালের নির্বাচনে দেগঙ্গা আসনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে দুই পক্ষই। নওশাদ বলেন, “গতবার আমাদের দেগঙ্গা আসনটি ছাড়া হলেও সেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে এবার না হয়, তা নিশ্চিত করতেই আমরা সময় নিয়ে আলোচনা করছি।”এখনও পর্যন্ত আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত রফা না হলেও, বেশ কিছু আসন নিয়ে উভয় পক্ষই আরও আলোচনার প্রয়োজন বোধ করছে। জেলাভিত্তিক পরিস্থিতি খতিয়ে দেখে তবেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
Hindustan TV Bangla Bengali News Portal