প্রসেনজিৎ ধর,কলকাতা :- আগামী ১ মার্চ রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এখন থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই ব্যাপারেও নির্দেশিকা জারি হয়েছে। এর আগে কমিশন ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের বৈঠকে রাজ্যের ৫০ শতাংশ বুথই স্পর্শকাতর বলে জানানো হয়েছিল। এই বছরের নির্বাচনে বুথ পুনর্বিন্যাসের সম্ভাবনা নেই। রাজ্যের মোট ৮০,৬৮১টি বুথেই নির্বাচন সম্পন্ন হবে। এর পাশাপাশি বহুতলগুলিতে আরও ৬০-৭০টি বুথ করা হতে পারে।জানা যাচ্ছে, দার্জিলিংয়ে ৬ কোম্পানি , শিলিগুড়িতে ৩ কোম্পানি , কালিম্পংয়ে ৩ কোম্পানি, কোচবিহারে ৯ কোম্পানি, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি, জলপাইগুড়িতে ৭ কোম্পানি, ইসলামপুরে ৫ কোম্পানি, রায়গঞ্জে ৬ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, মুর্শিদাবাদে ৮ কোম্পানি, জঙ্গিপুরে ৮ কোম্পানি, কৃষ্ণনগরে ৬ কোম্পানি, রানাঘাটে ৬ কোম্পানি, হাওড়ায় ৭ কোম্পানি, হাওড়া রুরালে ৮ কোম্পানি, হুগলি রুরালে ৬ কোম্পানি, চন্দননগরে ৮ কোম্পানি, রাবাসতে ৬ কোম্পানি, বনগাঁয় ৪ কোম্পানি, বসিরহাটে ৭ কোম্পানি, বারাকপুরে ৯ কোম্পানি, বিধাননগরে ৪ কোম্পানি, বারুইপুরে ৫ কোম্পানি, ডায়মন্ড হারবারে ৬ কোম্পানি, সুন্দরবনে ৪ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি, এডিপিসি ৭ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি, ঝাড়গ্রামে ৫ কোম্পানি, বাঁকুড়ায় ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি এবং বীরভূমে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়। যেখানে ভোটের আগে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়। চিঠিতে জানানো হয়, প্রথম দফায় ২৪০ কোম্পানির মধ্যে সিআরপিএফ জওয়ান থাকবে ১১০ কোম্পানি , বিএসএফ থাকছে ৫৫ কোম্পানি, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি ও এসএসবি ২৭ কোম্পানি। বাকি ২৪০ কোম্পানি আধাসেনা আসবে ১০ মার্চ। সেই সময় রাজ্যে আসবে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি।
Hindustan TV Bangla Bengali News Portal