প্রসেনজিৎ ধর :- আদালতে বড় জয় পেল আম আদমি পার্টি। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন অরবিন্দ কেজরিওয়াল। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে আদালত। সিবিআই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।আদালতের রায় শুনেই কেঁদে ফেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আপনারা কুর্সি চান, ভাল কাজ করে সেটা অর্জন করুন। এ ভাবে দেশের সংবিধান নিয়ে ছেলেখেলা করবেন না। মনীশ সিসৌদিয়া সৎ, আম আদমি পার্টি সৎ।’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি আমাদের উপর একের পর এক দোষ চাপাচ্ছিল, আদালত সব খারিজ করে দিয়েছে। সমস্ত অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে। আমি প্রথম থেকেই বলে এসেছি, সত্যের জয় হবে। দেশের বিচারব্যবস্থার উপর আমার ভরসা ছিল। যে বিচারক আমাদের ন্যায়বিচার দিলেন, তাঁকে ধন্যবাদ।’’পাল্টা তোপ দেগেছে বিজেপিও। শুক্রবার এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, “দিল্লির মানুষ ওঁকে (কেজরীওয়াল) রাজনৈতিক ময়দানে রাজনৈতিক জবাব দিয়ে দিয়েছে।” পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিবিআই ভাবনাচিন্তা করবে বলেও জানান তিনি।আম আদমি পার্টি (আপ)–র প্রধান কেজরিওয়ালের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, গুরুতর অভিযোগের ক্ষেত্রে জোরালো তথ্যপ্রমাণ প্রয়োজন। কিন্তু তেমন কোনও তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে, আবগারি দুর্নীতি মামলায় মূল চক্রান্তকারী ছিলেন তিনিই। শুক্রবার সিবিআইয়ের উদ্দেশে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিং বলেন, ‘অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা টলে যায়।’ সিসোদিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, সিবিআই এমন কোনও তথ্যপ্রমাণ দাখিল করেনি, যা থেকে সিসোদিয়ার অপরাধমূলক আচরণের কোনও ইঙ্গিত পাওয়া যায়। কেজরি ও সিসোদিয়ার সঙ্গে আম আদমি পার্টির আরও ২১ জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, সিবিআইয়ের দেওয়া চার্জশিটে অনেক ত্রুটি রয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে কেজরিদের মুক্তি দেওয়া হচ্ছে। আবগারি মামলায় কেজরি এবং সিসোদিয়া দীর্ঘদিন জেলে ছিলেন।
Hindustan TV Bangla Bengali News Portal