Breaking News

হাজারের বেশি মানুষের জমায়েত নয়! শর্তসাপেক্ষে বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নিজেদের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পেল বিজেপি। তাঁদের ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। তবে বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি বিধিনিষেধ মেনে তবেই এই রাজনৈতিক কর্মসূচি করা যাবে। আদালতের নির্দেশ অনুযায়ী, যাত্রায় একসঙ্গে এক হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। ১ মার্চ থেকে ৬ মার্চের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। শব্দবিধি সংক্রান্ত সমস্ত আইন কঠোরভাবে মানার কথাও জানানো হয়েছে।এদিন শুনানিতে বিজেপির তরফে কোন জেলায় কোন জায়গায় কবে এই যাত্রা বা মিছিল হবে, তার তালিকা দেওয়া হয় হাইকোর্টকে। বিচারপতি শুভ্রা ঘোষ সেই সূচি দেখে সামগ্রিকভাবে জানিয়ে দেন, ওই নির্দিষ্ট দিনগুলিতে ১০০০ হাজার লোক নিয়ে বেলা ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত ওই মিছিল করতে পারবে বিজেপি। তবে কোথাও যাতে কোনও আইনশৃঙ্খলা জনিত সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে।এর আগে পুলিশের কাছে পরিবর্তন যাত্রার অনুমতি চেয়ে বিজেপি ২২ ফেব্রুয়ারি আবেদন করেছিল। কিন্তু তার কোনও জবাব পুলিশ দেয়নি। পুলিশের কাছ থেকে জবাব না পেয়ে হাইকোর্টে মামলা করে গেরুয়া শিবির। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার আবেদন করেছিল তারা। তবে এদিন বিচারপতি ২ দিনের পরিবর্তন যাত্রার নির্দেশ দিয়েছেন।ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়েও স্পষ্ট নির্দেশ রয়েছে। কর্মসূচির জেরে যানজট তৈরি করা যাবে না। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি, অন্তত ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর আগে থেকেই পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে, যাতে প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করা যায়। সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত সম্পত্তির কোনও ক্ষতি করা চলবে না বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। যদি কোনওভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়, তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে।রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছেন, মোট ৯টি পৃথক যাত্রা আয়োজন করা হয়েছে। ১ ও ২ মার্চ থেকে শুরু হবে এই কর্মসূচি। প্রথম দিনে কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি থেকে যাত্রার সূচনা হবে। ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসান এবং আমতা থেকেও আরও চারটি যাত্রা বেরোবে। দোল উৎসবের কারণে ৩ ও ৪ মার্চ কোনও কর্মসূচি রাখা হয়নি। ৫ থেকে ১০ মার্চের মধ্যে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্য নিয়েছে দল। বিজেপির লক্ষ্য, প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে এই যাত্রাকে নিয়ে যাওয়া। কর্মসূচির আওতায় থাকবে ৬০টি বড় জনসভা এবং আনুমানিক ৩০০টি ছোট সভা। বৃহত্তর কলকাতার ২৯টি বিধানসভা এলাকায় আলাদা করে ট্যাবলো বের করার কথাও ঘোষণা করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *