প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে তা দেখা যাবে দুপুর থেকেই, জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ”দুপুরের মধ্যেই অনলাইনে দেখা যাবে ভোটার তালিকা। আগের মতোই নাম, বিধানসভা কেন্দ্র ধরে নাম খোঁজা যাবে। EPIC নম্বর দিয়েও খোঁজা যাবে ভোটার তালিকায় নিজের নাম। CEO অফিস থেকে তালিকা পাবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রত্যেক রাজনৈতিক দল একটি করে কপি পাবে।” এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৯ লক্ষ। সবমিলিয়ে আপাতত ৬৮ লক্ষ নাম বাতিল। এছাড়া, ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সব নামের পাশে লেখা থাকবে Adjudicated. পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা বেরলে এই নাম যুক্ত হওয়ার সম্ভাবনা।কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক মাধ্যম রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা উপলব্ধ থাকবে। সেখানে নিজের নাম বা এপিক নম্বর (ভোটার পরিচয়পত্রের নম্বর) লিখলেই জানা যাবে নাম তালিকায় রয়েছে কিনা এবং কোনও সংশোধন হয়েছে কিনা।
জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে নাম বা এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করা যাবে। ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা সহজ হবে বলে মনে করছে কমিশন।যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। রাজ্যের প্রতিটি বুথ স্তরের আধিকারিকের (বিএলও) হাতে ভোটার তালিকার হার্ড কপি পৌঁছে দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার ভোটারেরা সরাসরি বিএলও-র সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রয়োজনে প্রয়োজনীয় তথ্যও জেনে নেওয়া যাবে।
Hindustan TV Bangla Bengali News Portal