Breaking News

অদম্য মনোবলের স্বীকৃতি! উত্তরপাড়ার যুধাজিত দে-র হাতে সরকারি চাকরির নিয়োগপত্র

প্রসেনজিৎ ধর, হুগলি:-দৃষ্টিশক্তি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও মেধার জোরে নিজের জায়গা তৈরি করেছেন উত্তরপাড়ার যুধাজিত দে। জন্মের পর থেকেই ধীরে ধীরে চোখের আলো হারালেও মনোবল হারাননি তিনি। দাবা ও কুইজ প্রতিযোগিতায় একের পর এক সাফল্যের পাশাপাশি তাঁর কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন যুধাজিত। তবে এই সাফল্যের মাঝেও ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতেন তাঁর মা। ছেলে ভবিষ্যতে কীভাবে জীবন কাটাবে, সমাজের মূল স্রোতে কীভাবে টিকে থাকবে—এই প্রশ্নই তাড়া করে বেড়াত তাঁকে।
যুধাজিতের সংগ্রামের কথা জানতে পেরে পাশে দাঁড়ান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে। মুখ্যমন্ত্রী তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন।
এরপরই আসে সুখবর। রাজ্য সরকারের ক্রীড়া দফতরের পক্ষ থেকে যুধাজিত দে-র হাতে তুলে দেওয়া হয় সরকারি চাকরির নিয়োগপত্র। বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি নিজের এলাকা উত্তরপাড়া-তেই এই চাকরি পেয়েছেন, ফলে যাতায়াতজনিত কোনো সমস্যার মুখে পড়তে হবে না তাঁকে।
নিয়োগপত্র হাতে পেয়ে খুশিতে আত্মহারা যুধাজিত। আবেগাপ্লুত কণ্ঠে তাঁর মা বলেন, “এতদিনের দুশ্চিন্তা আজ শেষ। ছেলের ভবিষ্যৎ এখন সুরক্ষিত। মুখ্যমন্ত্রী ও কল্যাণবাবুর কাছে আমরা কৃতজ্ঞ।” যুধাজিত দে-র এই সাফল্য আরও একবার প্রমাণ করল—সঠিক সুযোগ আর অদম্য মনোবল থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কখনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *