Breaking News

ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের! ইস্তফা দিলেন দিল্লি গিয়ে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মেয়াদ ফুরনোর আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই তাঁর এই আকস্মিক পদত্যাগ রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। ২০ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। বলেছেন, ‘‘আমরা দিল্লিতে আছি। রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন।’’ লোকভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবন তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেছে।
রাজ্যপাল হিসাবে রাজ্যের একাধিক বিষয় নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন বোস। পশ্চিমবঙ্গ সরকারের অনেক নীতির সমালোচনা করেছেন। তাঁর আমলে একাধিক বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র হয়েছে। মাঝেমধ্যেই বোস দিল্লি যেতেন। বৃহস্পতিবার সেখান থেকে আচমকা পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাষ্ট্রপতি ভবনে। এ বিষয়ে তিনি নিজে এখনও কোনও মন্তব্য করেননি।সূত্রের খবর, কলকাতায় নয়, বরং দিল্লিতে গিয়েই নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সিভি আনন্দ বোস। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগেই তাঁর এই প্রস্থান নিয়ে দিল্লির অলিন্দে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কেন এই পদত্যাগ, সে বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন বা কেন্দ্রের তরফে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *