দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিম এশিয়াগামী এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে কলকাতাগামী মোট সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হল শুক্রবার। কলকাতা বিমানবন্দর থেকে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী মোট চারটি উড়ান বাতিল করা হয়েছে। অন্য দিকে, আবু ধাবি, দুবাই এবং দোহা থেকে কলকাতাগামী তিনটি উড়ান বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। সাধারণত, ইউরোপ ও এশিয়ার একাধিক দেশে যাওয়ার জন্য দুবাই বিমানবন্দরের পথ বাছাই করা হয়|আমেরিকা-ইজরায়েল-ইরানের যুদ্ধের প্রভাব দুবাইতেও পড়েছে। বিমানপথ বন্ধ রয়েছে। ফলে কলকাতা বিমানবন্দরেও সেই প্রভাব পড়েছে। একাধিক বিমান বাতিল হচ্ছে ওই পথে।এভাবে বিমান পরিষেবা বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। কবে তাঁরা ফিরবেন, সেই আশঙ্কাও তৈরি হয়েছে। বিমান সংস্থাগুলির তরফে বার্তা দেওয়া হয়েছে। বিমান যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে অনলাইন পোর্টালের মাধ্যমে বিমান চলাচলের আপডেটগুলি নজর রাখতে হবে। বিমান যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের থেকে দেরিও হতে পারে। পরিষেবা বাতিল হওয়ার আশঙ্কাও থাকছে আগামী দিনে। এদিন বাতিল হওয়া উড়ানগুলির মধ্যে আছে এয়ার অ্যারাবিয়ার, এতিহাদ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস সংস্থাগুলির বিমান। প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ২৮ ফেব্রুয়ারি শেষ বিমান উড়েছিল।
Hindustan TV Bangla Bengali News Portal