দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মরণোত্তর অঙ্গদানে ফের নজির গড়ল কলকাতা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুমিত্রা দাস (৪৬)–এর ব্রেন ডেথ বুধবার ঘোষিত হওয়ার পরে তাঁর পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার অঙ্গদান সম্পন্ন হলো কলকাতায়। চিকিৎসকদের তৎপরতায় তাঁর লিভার ও দু’টি কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিন মুমূর্ষু রোগী নতুন জীবনের আশা পেলেন। পাশাপাশি কর্নিয়া দানে উপকৃত হবেন এক দৃষ্টিহীন ব্যক্তি। গত ২৭ অক্টোবর বাড়ির কাছেই মোটর বাইকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর সঙ্কটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুমিত্রা। তাঁর কন্যা সেখানেই নার্স হিসেবে কর্মরত। সেখানেই চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন।চিকিৎসায় সাড়া না মেলায় তাঁকর ব্রেনডেথ ঘোষণা করা হয়। এরপরই চিকিৎসকরা তাঁর পরিবারের সঙ্গে অঙ্গদানের বিষয়ে আলোচনা করেন। পরিবারের সম্মতিতে শুরু হয় মরণোত্তর অঙ্গদান প্রক্রিয়া। সুমিত্রার লিভার প্রতিস্থাপন করা হয়েছে ৬৬ বছরের এক রোগিণীর শরীরে। একটি কিডনি দেওয়া হয়েছে এসএসকেএমের ৩৬ বছরের এক কিডনি খারাপ হওয়া রোগিণীকে। অন্য কিডনিটি প্রতিস্থাপিত হয়েছে অ্যাপোলোর ৬৬ বছরের আর এক রোগিণীর শরীরে। কর্নিয়া দান করা হয়েছে দিশা আই হাসপাতালে।চিকিৎসকদের দাবি, নির্ধারিত প্রোটোকল মেনেই মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপনের সম্পূর্ণ প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত মেলা খবর অনুযায়ী, তিন গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল। দাস পরিবারের মানবিক সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal