প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ রয়েছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেট্রো চ্যানেলে মঞ্চ বাঁধা হয়েছে।নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসার আগে তোপ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, অপরিকল্পিত এসআইআর-এর জন্য বহু বৈধ নাম বাদ গিয়েছে। যতদিন মানুষ বঞ্চিত থাকবে, ততদিন তৃণমূল রাস্তায় থাকবে। মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ থেকে অভিষেক বলেন, “ইতিমধ্যেই বাংলা থেকে ৫৮ লক্ষ ভোটারের নাম কাটা হয়েছিল। ডিসেম্বর মাসে যখন ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছিল। ২৮ ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হল, সেখানে অতিরিক্ত সাড়ে পাঁচ লক্ষ থেকে ছ’লক্ষ মানুষের নাম কাটা হয়েছে। সংখ্যাটা ৬৩-৬৪ লক্ষ। আর বিচারাধীন রয়েছে ৬০ লক্ষের ওপর। সংখ্যাটা ১ কোটি ২৪ লক্ষ।”তাঁর বক্তব্য, এসআইআর ঘোষণা হওয়ার তিন মাস আগে থেকে বিজেপি নেতারা দাবি করে আসছিলেন, ১ কোটির ওপর লোকের নাম বাদ যাবে। অভিষেকের কথায়, ‘এটা তো কাকতালীয় হতে পারে না।’ তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে কাউকে শুনানিতে ডাকা হয়েছে। সেক্ষেত্রে অভিষেক বলেন, “কাগজ জমা দেওয়ার পরও বিচারাধীন।”কেন্দ্রকে বিঁধে তিনি আরও বলেন, “ভারতবাসীর পোড়া কপাল। দেশ কার থেকে পেট্রল কিনবে সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! অমিত শাহ এলে তাঁর সভা শুরু শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি ছোট একটা প্রস্তাব দিচ্ছি। পাশে অসম, একপাশে ত্রিপুরা, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট। সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। কোনও শর্ত ছাড়া আড়াই কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মোদির একটা সরকার দিয়ে দেখাক! যদি দিতে পারে আমি রাজনীতি থেকে অবসর নেব। যত মহিলা আছে সবাইকে দিয়ে দেখাক। বাইরের ভোটার নিয়ে এসে নাম লিস্টে তুলে ভেবেছিল ভোটে জিতবে।”
Hindustan TV Bangla Bengali News Portal