প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে শোরগোল রাজ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ নাম বাদের ইস্যুতে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই মঞ্চ থেকেই ফের একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু থেকে শুরু করে বঙ্গভঙ্গ – সব নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী। ”পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্র্যান্ড। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রতীক উর রহমান। গত কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রতীক উর। আজ শনিবার ধর্মতলায় এসআইআরের ধরনামঞ্চ থেকে বক্তব্য রাখেন তিনি। সেই বক্তব্যে একদিকে যেমন ভারতবর্ষের বৈচিত্রের কথা তুলে ধরেন, অন্যদিকে বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনকেও একহাত নেন প্রতীক উর রহমান।
তৃণমূলে যোগ দেওয়ার পর মমতার মঞ্চে এটাই প্রতীকের প্রথম বক্তব্য! সংক্ষিপ্ত হলেও তাতে ‘দিদি’ মমতা যে খুশি তা তাঁর বক্তব্যেই উঠে আসে। বক্তব্য শেষ হতেই মুখ্যমন্ত্রী বলেন, ”ভালো বলেছ, এবার জল খেয়ে নাও।”বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে প্রতীক বলেন, ”প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।” মঞ্চে না থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা জানান। বলেন, ”এখন তিনি মঞ্চে নেই, কিন্তু তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি অভিভূত, আমি আনন্দিত, এই এত বড় মঞ্চে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য।”
Hindustan TV Bangla Bengali News Portal