প্রসেনজিৎ ধর :- রাজ্যসভা নির্বাচনের আগে নতুন করে শুরু রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে দাবি করেছে, বিজেপির রাজ্যসভা প্রার্থী রাহুল সিনহার মনোনয়নপত্র যাচাইয়ের সময় একাধিক প্রক্রিয়াগত অনিয়ম হয়েছে। তাদের অভিযোগ, রাহুল সিনহার নির্বাচনী হলফনামায় থাকা বেশ কিছু অসঙ্গতি রিটার্নিং অফিসার উপেক্ষা করেছেন।তৃণমূলের দাবি, রাহুল সিনহার মনোনয়নে একগুচ্ছ অসঙ্গতি রয়েছে। কিন্তু তারপরেও তা গ্রহণ করা কী করে হল সেই প্রশ্ন তোলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সেখানেই নির্বচন কমিশনকে লেখা চিঠির প্রসঙ্গ তুলে তৃণমূলের তরফে বলা হয়, “বিজেপি প্রার্থীর জমা দেওয়া হলফনামায় (Form-26) তথ্য গোপন করা হয়েছে, অসঙ্গতি এবং অসম্পূর্ণ তথ্য রয়েছে। যেখানে অস্পষ্ট আর্থিক ঘোষণা এবং সম্পদের অসম্পূর্ণ বিবরণ থেকে শুরু করে সম্পত্তি, যানবাহন, দেনা-পাওনার এবং বিনিয়োগ সংক্রান্ত নানা গরমিল রয়েছে।” শনিবার ওই চিঠির প্রতিলিপি সংবাদমাধ্যমের কাছে তুলে ধরা হয়।অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছেন বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। তাঁর বক্তব্য, মনোনয়ন দাখিলের সময় যে সমস্ত নথি ও কাগজপত্র জমা দেওয়া হয়েছে, সবই সঠিকভাবে জমা হয়েছে এবং তাতে কোনও ত্রুটি নেই। তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ তুলে তৃণমূল আমার প্রার্থীপদ বাতিল করতে চেয়েছিল, কিন্তু রিটার্নিং অফিসার সেই দাবি খারিজ করেছেন।” অভিযোগটি নির্বাচন কমিশনের কাছে দায়ের করেন তৃণমূলের সিনিয়র নেতা ও মন্ত্রী অরুপ বিশ্বাস। তাঁর দাবি, মনোনয়নপত্র যাচাইয়ের সময়ই বিশ্বজিৎ (রাহুল) সিনহার নথিতে থাকা অসঙ্গতিগুলি তুলে ধরা হয়েছিল, কিন্তু রিটার্নিং অফিসার সেগুলি বিবেচনা করেননি।
Hindustan TV Bangla Bengali News Portal