দেবরীনা মণ্ডল সাহা কলকাতা :- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে বাংলায় এক দফায় ভোটের দাবি বিরোধীদের। তার আগে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে শুরু হয়েছে বৈঠক। আর সেই বৈঠকে এক দফায় ভোটের দাবি জানাল সিপিএম। একই দাবি জানিয়েছে বিজেপিও। এদিন বিজেপির প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়| কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের ১৬ দফা দাবি পেশ করে বিজেপির তরফ থেকে কমিশনকে জানানো হয়, ৭-৮ দফায় নির্বাচন করা দরকার নেই| তবে সেনসিনিটিভ বুথ চিহ্নিত করা প্রয়োজন| এছাড়া, রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, তা নিয়েও কমিশনের কাছে অসন্তোষ প্রকাশ করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল|এদিন বৈঠক শেষে বেরিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রায় আধ ঘণ্টা ধরে কমিশনের সামনে বিস্তারিত ভাবে কী কী পদক্ষেপ আমরা প্রত্যাশা করছি, তা আমরা বলেছি| ২০২৬-এর নির্বাচন হিংসা মুক্ত, ভয় মুক্ত করার জন্য ১৬ দফা দাবি দিয়েছি |”পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। বলেন, বাংলায় কেন্দ্রীয় বাহিনী চলে এলেও দেখা যাচ্ছে না। রুট মার্চ করানো হচ্ছে না। তা যাতে কমিশন নজরে রাখে সেই দাবিও ফুলবেঞ্চকে জানানো হয়েছে বলে জানিয়েছেন শিশির বাজোরিয়া। এছাড়াও প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা-সহ সমস্ত ব্যবস্থা থাকে সেই দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, নির্বাচন যাতে খুব বেশি দফায় না করা হয় সেই দাবিও বিজেপির প্রতিনিধি দল কমিশনকে জানিয়ে এসেছে। বিজেপি চায়, বঙ্গে ৭-৮ দফার পরিবর্তে সর্বাধিক ১ বা ২ দফায় নির্বাচন করা হোক।অন্যদিকে এদিন সেলিমের নেতৃত্বে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক করেন বাম প্রতিনিধি দল। বৈঠকে বাংলায় একদফায় ভোটের দাবি তাঁরা জানিয়েছেন বলে জানান মহম্মদ সেলিম। সর্বোচ্চ দু’দফায় ভোট করানো হলেও যে তাঁদের কোনও আপত্তি নেই তাও এদিন কমিশনকে জানিয়ে এসেছেন বলে জানিয়েছেন বর্ষীয়ান এই বামনেতা। বৈঠক থেকে বেরিয়ে সেলিম বলেন,”যে ৬০ লাখ বিচারাধীন নাম রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। আর তা করেই সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এমনকী যাঁদের নাম বাদ পড়েছে তাঁদেরকে ফের সুযোগ দিতে হবে বলেও ফুলবেঞ্চকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সেলিম।”
Hindustan TV Bangla Bengali News Portal