Breaking News

‘বৈধ ভোটাররা বিচার পাবেই’, সুপ্রিম কোর্টে আস্থা রেখে পাঁচদিন পর সেনাপতির আবেদন মেনে নিয়ে ধর্না তুললেন মমতা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসআইআর হয়রানি ও যড়যন্ত্রের প্রতিবাদে ৬ তারিখ থেকে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সাময়িক স্বস্তি। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানালেন, শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকছে। তাই চিন্তার কোনও কারণ নেই। সেই পর্যবেক্ষণে আস্থা রেখেই সাময়িকভাবে ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা।বললেন, “এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ অধিকার পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছে।”অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আর্জি জানান, “দিদি আজ আপনার দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। এটাই আপনার লড়াই এর জয়। আপনার শরীর সুস্থ রাখতে হবে। সবার কাছে পৌঁছতে হবে। দলনেত্রীকে অনুরোধ করব, আমি সবার হয়ে দিদিকে অনুরোধ করব, পাঁচ দিন রাস্তায় বসে রয়েছে। জ্ঞানেশ কুমার ল্যাজ গুটিয়ে পালিয়েছেন। তাই আপনি আজ এই কর্মসূচি সমাপ্ত করুন। ৮০ হাজার বুথে ওদেরকে নিঃস্ব করতে হবে।”আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি। এদিন আদালত ঠিক কী জানিয়েছে ধর্না মঞ্চ থেকে তা আমজনতার সামনে তুলে ধরেন মমতা। বলেন, “নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনও আছে। নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার নাম তোলার সুযোগ নেই। ওরা বলেছেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারও নাম বাদ গিয়ে থাকে, আমাদের কাছে আসবেন। আমরা স্পেশাল কেস হিসাবে এটি দেখব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *