প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে হিংসামুক্ত ভোটের কথা বললেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ। কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না।” এই সূত্রেই তিনি জানিয়েছেন, ভোটের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না। এই সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বৈধ কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।জ্ঞানেশ কুমার রাজ্যের শাসক-বিরোধী, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও খতিয়ে দেখেছেন। আজ দিল্লি ফিরবেন জ্ঞানেশ কুমাররা। তার আগে কলকাতায় সাংবাদিক বৈঠক। কী নির্যাস উঠে এলে সেই প্রেস মিট থেকে? কী কী কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার, কোন কোন প্রশ্নের উত্তর দিলেন না?বার বার সাংবাদিকরা জানতে চান, আন্ডার অ্যাজুডিকেশনে থাকা ভোটারদের ভবিষ্যৎ কী? যদি এর মধ্যেই ভোট ঘোষণা হয়, তাঁরা কী করবেন? জ্ঞানেশ কুমারের জবাব, এই প্রসেস চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সবটা করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসাররা এই ভোটাররা যোগ্য নাকি অযোগ্য সে সিদ্ধান্ত নিচ্ছেন। সেই মতোই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। অ্যাপ্রুভাল লিস্ট ওয়েবসাইটে দেওয়া হবে। কেউ যদি ভারতীয় নাগরিক হন, তালিকায় নাম না থাকলে তিনি ফর্ম ৬ ফিলআপ করে ভোটার তালিকায় নাম তুলতে পারেন।জ্ঞানেশ জানিয়েছেন, এ বার পশ্চিমবঙ্গে ৮০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কেন্দ্র বা বুথ থাকবে। কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবেন না। স্বচ্ছতার খাতিরে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। জ্ঞানেশ এ-ও জানিয়েছেন, প্রতিটি বুথে ভোটার সহায়তা কেন্দ্র, পানীয় জলের বন্দোবস্ত এবং বাইরে মোবাইল ফোন রাখার জায়গা থাকবে। এসআইআর, তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভোটের সম্ভাব্য দফা নিয়েও বক্তব্য জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ ছাড়াও ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ সান্ধু। ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও|
Hindustan TV Bangla Bengali News Portal