দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধর্মতলার ধর্না প্রত্যাহারের পরই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের সরকারি অতিথি ভবনে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল । সেখানেই দেখা হয় তাঁদের। সাক্ষাৎ শেষে বেরিয়ে মমতার দাবি, ভোটের আগে প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে অবিচার হয়েছে।মঙ্গলবার ধর্মতলায় চলা ধর্না কর্মসূচীর আপাত সমাপ্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন। পরে ‘সৌজন্য’-এ গিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে এবং ব্যক্তিগতভাবেও তাঁর পরিবারের সঙ্গে পরিচয় আছে। মুখ্যমন্ত্রীর কথায়, “অনেকদিন একসঙ্গে কাজ করেছি। তাঁর পরিবারের সঙ্গেও পরিচয় রয়েছে। তাই বাংলার রীতি মেনেই তাঁর সুস্বাস্থ্য কামনা করি।” তবে এর পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাঁর অভিযোগ, পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ থাকা সত্ত্বেও মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তাও আবার নির্বাচনের ঠিক আগে।মমতা বলেন, “উনি কাল চলে যাচ্ছেন। ওঁর সঙ্গে অনেকদিন কাজ করেছি। ওঁর পরিবারকেও আমি চিনি। বাংলার শিষ্টাচার হিসাবে আমি তাঁর শুভকামনা করি। ওঁর প্রতি যা অন্যায় হয়েছে। অবিচার হয়েছে। ভোটের আগে ওঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার মনের কথা ওঁকে বলে এসেছি। আমি অনুরোধ করেছি আপনি বাংলায় এতদিন ছিলেন। বাংলাকে ভালো বোঝেন। আবার বাংলায় আসুন।”
Hindustan TV Bangla Bengali News Portal