Breaking News

২০২১ সালের ভোট পরবর্তী হিংসাকবলিত এলাকায় কারা ওসি ছিলেন, ‘দাগী’ পুলিশ কর্তাদের তালিকা চাইল কমিশন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছিল। তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। আসন্ন বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের বৈঠকে উঠল সেই প্রসঙ্গও। সেই সময় হিংসাকবলিত এলাকার থানাগুলিতে কারা ওসি ছিলেন, সেই তালিকা রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের কাছে চাইল কমিশন। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট ওসিদের ঊর্ধ্বতন কর্তা কারা ছিলেন, তা-ও জানতে চেয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।গত রবিবার বাংলায় আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন আধিকারিকরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। শাসক-বিরোধী-সহ রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকও হয়েছে। এমনকী আজ মঙ্গলবারও রাজ্য প্রশাসনের একাধিক কর্তার সঙ্গে কমিশনের বৈঠক হয়। বৈঠক হয় বিএলওদের সঙ্গেও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক সন্তোষজনক। সূত্রের খবর, নন্দিনী-পীযূষদের সঙ্গে বৈঠকে ভোটপরবর্তী হিংসার প্রসঙ্গ তোলেন জ্ঞানেশ। গত বার কী ঘটেছিল, তা স্মরণ করিয়ে দেওয়া হয়। শুধু তা-ই নয়, সেই সময় হিংসাকবলিত এলাকার ওসি এবং তাঁদের ঊর্ধ্বতন কর্তাদের তালিকা চাওয়া হয়েছে। পাশাপাশি, জানতে চাওয়া হয়েছে ওই পুলিশ অফিসার এবং আধিকারিকদের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত করা হয়েছে কি না! পুরো বিষয়টি রিপোর্ট আকারে জমা দেওয়ার কথা বলেছেন জ্ঞানেশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *