দেবরীনা মণ্ডল সাহা :- বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহেরা। তাই নির্বাচনের আগে আর সময় নষ্ট করতে রাজি না পদ্ম শিবির। গতকাল, মঙ্গলবারই পরিবর্তন যাত্রার সমাপ্তির ঘোষণা করা হয়েছে। ১৪ তারিখ শনিবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদীও। তারই মধ্যে বুধবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী- সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ পদাধিকারী।
বৈঠকে মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে সম্প্রতি সংগঠনের উদ্যোগে শুরু হওয়া ‘পরিবর্তন যাত্রা’র রাজনৈতিক প্রভাব ও ফলাফল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করেন রাজ্য নেতারা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। খুব শিগগিরই রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। তার আগেই ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে চাইছে বিজেপি নেতৃত্ব।এর পাশাপাশি রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আসনভিত্তিক কৌশল নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। কোন কেন্দ্রে কোন দল কতটা শক্তিশালী, সেই হিসেব কষেই প্রাথমিক ভাবে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal