দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতার লোকভবন (সাবেক রাজভবন)-এ শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ।তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী বিজেপির কোনও সদস্যকেও নয়া রাজ্যপালের শপথ অনুষ্ঠানে দেখা যায়নি।গত কয়েকদিন আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। এরপরেই স্থায়ী রাজ্যপাল হিসাব রবীন্দ্র নারায়ণ রবিকে দায়িত্ব দেওয়া হয়। তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে এতদিন ছিলেন তিনি। সে রাজ্যে থাকাকালীন একাধিক ইস্যুতে ডিএমকে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন আরএন রবি। বিশেষ করে একাধিক বিল নিয়ে সংঘাত চরমে ওঠে। আরএন রবিকে রাজ্যপাল পদ থেকে সরানো নিয়ে একাধিকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানায় ডিএমকে। এই অবস্থায় এবার বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি।মুখ্যমন্ত্রীর ব্যবহারে আপ্লুত নতুন রাজ্যপাল। খুশি তাঁর স্ত্রী লক্ষ্মী রবিও।দু’জনের আলাপচারিতার মাঝে মমতা রাজ্যপালকে বলেন, “বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।” এরপর বিশ্ববাংলা স্টল থেকে আনা উত্তরীয় রাজ্যপালকে পরিয়ে দেন মমতা। তাঁর স্ত্রীকেও উত্তরীয় পরান।
Hindustan TV Bangla Bengali News Portal