প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর মামলার ভবিষ্যৎ নিয়ে এবার প্রশ্ন। খুন হওয়া চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও এই সংক্রান্ত অন্যান্য মামলা রিলিজ় করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, এই ডিভিশন বেঞ্চ ফৌজদারি আপিল মামলা শোনার রেগুলার বেঞ্চ নয়। আরজি করের এই মামলা রোজ শুনে নিষ্পত্তি করা সম্ভব নয়। তাই এই মামলা রিলিজ করে দেওয়া হলো।বিচারপতি বসাক জানান, এই মামলার শুনানির জন্য আদালতে মেনশন করা হয়েছিল এবং প্রধান বিচারপতির কাছেও ই-মেল করা হয়েছিল। তবে দীর্ঘ শুনানির প্রয়োজন এমন মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা এই বেঞ্চের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই আরজি কর মামলার সঙ্গে যুক্ত সমস্ত আবেদন ও মামলা তারা রিলিজ বা ছেড়ে দিচ্ছেন।এর ফলে এখন নতুন করে এই মামলার শুনানির দায়িত্ব কোন বেঞ্চ নেবে, তা নির্ধারণ করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত তাকে আজীবন কারাদণ্ডের সাজা দেয়।
তবে এই রায়ে সন্তুষ্ট নন নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁদের অভিযোগ, তদন্তে আরও অনেক দিক খতিয়ে দেখা প্রয়োজন ছিল। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা দরকার।
Hindustan TV Bangla Bengali News Portal