Breaking News

‘বিমান দা আপনি সামনে আসুন না…’ রাজ্যপালের শপথ অনুষ্ঠানে প্রবীণ নেতা বিমান বসুকে বেনজির সৌজন্য মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকভবনে নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠান হল আজ । এদিন শপথ অনুষ্ঠানের শুরুতেই সৌজন্যের বিরল দৃশ্য চোখে পড়ল লোকভবনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ লোকভবনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নব নিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করবেন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।এদিন অনুষ্ঠানে হাজির হয়ে বিমান বসুকে তৃতীয় সারিতে বসে থাকতে দেখেন মুখ্যমন্ত্রী । সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন, ”আরে বিমানদা, আপনি এসেছেন! পিছনে কেন বসে? সামনে আসুন।” বলে কার্যত জোর করেই তিনি বামফ্রন্ট চেয়ারম্যানকে প্রথমে তৃতীয় সারি থেকে তুলে এনে নিজের নিরাপত্তারক্ষীদের আসনে বসান। কিছুক্ষণ পর ফের তিনি বলে ওঠেন, ”মেয়র তো আসবেন না। এই আসনটি ফাঁকা। বিমানদা, আপনি আমার পাশে এসে বসুন।” তাতে বিমান বসু আপত্তি করেন। বলেন, ”না না আমি এখানেই ঠিক আছি।” কিন্তু কিছুতেই তাঁর আপত্তি শোনেননি মুখ্যমন্ত্রী। জোর করে তাঁকে প্রথম সারির আসনে বসান।মুখ্যমন্ত্রীর সৌজন্য এখানেই শেষ নয়। রাজ্যপালের শপথ অনুষ্ঠান সেরে যখন সকলে বেরিয়ে যাচ্ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ে, বিমান বসু গাড়ির জন্য অপেক্ষা করছেন। লোকভবনের দক্ষিণ পোর্টিকোর কাছে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখে মমতা ফের এগিয়ে এসে বলেন, ”আরে আপনি রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে কেন? আপনার গাড়ি কোথায়?” সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি চলে এলেও তিনি ওঠেননি। বরং বলেন, ”আগে বিমানদার গাড়ি আসুক, ওঁকে গাড়িতে তুলে দিয়ে তারপর আমি গাড়িতে উঠব।” এরপর বিমান বসুর গাড়ি এলে তাঁকে তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর এমন সৌজন্য দেখে আপ্লুত বিমান বসু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *