দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের প্রতিবাদে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ১৬ মার্চ, সোমবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, সোমবার বিকেল ৪টের সময় মিছিল শুরু হবে। কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হবে। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের কথা জানিয়েছিলেন। গ্যাসের সংকটের জন্য সরাসরি মোদী সরকারকে দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রের গাফিলতির জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মমতার অভিযোগ, বেশ কিছুদিন আগে যুদ্ধ শুরু হয়েছে। কেন্দ্র সরকার কোনও ব্যবস্থা নেয়নি। বসেছিল। গ্যাস সমস্ত মানুষের প্রয়োজনীয় দ্রব্য। সংকটের জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, কোনও প্রস্তুতি বা বিকল্প ব্যবস্থা ছাড়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। এতেই আম জনতার ভোগান্তি ও উদ্বেগ আরও বেড়েছে। প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ছে ভারত-সহ আশপাশের দেশগুলিতে। হরমুজ প্রণালী বন্ধ হতেই বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বে সিংহভাগ তেল সরবরাহ হয় গুরুত্বপূর্ণ হরমুজ দিয়ে। জ্বালানির সংকট তৈরি হচ্ছে। কেন সব দিক বিবেচনা না-করে কেন্দ্র ২৫ দিনের আগে বুকিং করা যাবে না বলে ঘোষণা করল? দেশে কত গ্যাসের ভাণ্ডার মজুত রয়েছে? ইত্যাদি প্রশ্ন তুলে পথে নামছেন তৃণমূলের সর্বময় মমতা।
Hindustan TV Bangla Bengali News Portal