প্রসেনজিৎ ধর :- নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে আনার দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানি করতেই চাইল না সুপ্রিম কোর্ট | নেতাজির প্রপৌত্র আশিস রায় এই আবেদন করেছিলেন। পরে আদালতের মনোভাব দেখে আবেদনটি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে তাঁর আইনজীবী এদিন শীর্ষ আদালতকেই জানিয়ে দেন, এবার এই মামলা তথা আবেদন করবেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মেয়ে অনিতা বোস পাফ। এদিন শুনানির সময়ে অনলাইনে অনিতাও উপস্থিত ছিলেন।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, ‘এই ধরনের আর্জি নিয়ে আগেও মামলা দায়ের হয়েছে। আমরা শুনব না।’আইনজীবী অভিষেক মনুসিংভি আদালতে আর্জি জানান, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা ভার্চুয়ালি এই শুনানিতে উপস্থিত রয়েছেন। তাই এই আর্জি শোনা হোক।’’
কিন্তু, উত্তরে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দেন, নেতাজির কন্যা নিজে আবেদন করলে পরে ভেবে দেখা হবে।
শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, এই বিষয় নিয়ে বারবার কেন আদালতের দ্বারস্থ হওয়া হচ্ছে। তিনি বলেন, এর আগে একাধিকবার একই ধরনের আবেদন করা হয়েছে এবং তা খারিজ হয়েছে। এমনকি ২০২৪ সালেও এ নিয়ে একটি মামলা খারিজ হয়েছিল। এই সময়ে অভিষেক সিঙ্ঘভি আদালতকে জানান, আগের আবেদনগুলিতে মূলত নেতাজি জীবিত আছেন কি না তা নিয়ে তদন্তের দাবি করা হয়েছিল। কিন্তু বর্তমান আবেদনের উদ্দেশ্য হল জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজির চিতাভষ্ম ভারতে আনা। প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, “প্রথমেই জানতে চাই, সেই চিতাভষ্ম কোথায়?” অভিষেক সিঙ্ঘভি জবাবে বলেন, ভারতের বহু রাষ্ট্রপ্রধানই রেনকোজি মন্দিরে গিয়ে সেই অস্থির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই সময়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, নেতাজির একমাত্র উত্তরাধিকারী তাঁর কন্যা। যদি তিনি সত্যিই অস্থি ভারতে আনতে চান, তাহলে তাঁকেই আবেদনকারী হিসেবে আদালতে আসতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal