দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মন্ত্রী শশী পাঁজার উপরে হামলার ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। শনিবার সাংবাদিক সম্মেলন করে সিসিটিভি ফুটেজ দেখিয়ে শশী পাঁজার প্রশ্ন, ‘এভাবে কি বাংলা দখল সম্ভব?’অসুস্থ শরীর নিয়েই শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে হাজির হলেন শশী পাঁজা। দৃপ্ত কণ্ঠে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘এটাই কি আপনার নারী সুরক্ষার গ্যারান্টি?’ শশী পাঁজার সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দলের সাংসদ সায়নী ঘোষ। একের পর এক প্রসঙ্গ তুলে তাঁরা মোদির বক্তব্যের বিরোধিতা করলেন।মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষকে সঙ্গে নিয়ে এ দিন সাংবাদিক সম্মেলন করে শশী পাঁজা জানান, শনিবার দুপুরে কী ঘটেছিল। তিনি জানান, চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে সকাল থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকদের বাস যাচ্ছিল। শশী পাঁজার কথায়, ‘সকাল থেকেই বিজেপি কর্মীদের কিছু কিছু বাস আমার বাড়ির সামনে মেইন রোড দিয়ে যাচ্ছিল। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে ব্রিগেডমুখী এ রকমই একটি বাস থেকে হামলা চলে। আজ আমাদের ছেলেরা রাস্তার ধারে ফ্লেক্স লাগাচ্ছিল। সেখান দিয়ে যাওয়ার সময়ে বিজেপির পতাকা লাগানো একটি বাসের কর্মীরা হিংস্র হয়ে ওঠে। নেমে এসে মারধর শুরু করে। আমি অবাক হয়ে যাচ্ছি, বিজেপি গুন্ডা, খুনি পুষছে। এতদিন ভাবতাম ওরা গণতন্ত্রের হত্যা করে, এখন দেখছি ফিজিক্যালিও মারতে চায়।’শশী পাঁজার প্রশ্ন, বাসে করে ইট, বোতল, বড় পাথর, লাঠি, বোমা নিয়ে এরা প্রধানমন্ত্রীর সভা-তে যাচ্ছিলেন? শশীর কথায়, ‘প্রধানমন্ত্রী বলছেন সব হিসাব লে লেগা। এভাবে বাংলা দখল করবেন? আমি এফআইআর করছি। সব ভিডিয়ো আমার কাছে আছে।’যদিও বিজেপি নেতা সজল ঘোষের পাল্টা দাবি, শশী পাঁজার বাড়ি সংলগ্ন এলাকা ও বাড়ির সামনে থেকে অনবরত ইট ছোড়া হয়েছে। বিজেপির বহু কর্মী আহত হয়েছেন। সজলের বক্তব্য, ‘ওরা যদি কিছু মেরে থাকে, তা পাটকেল। ইট আপনারা মেরেছেন। আমাদের কর্মীরা শুধু নিজেদের রক্ষা করেছেন। তৃণমূল মানুষের স্রোত দেখে ভয় পেয়ে এ সব করেছে।’
Hindustan TV Bangla Bengali News Portal