প্রসেনজিৎ ধর, কলকাতা :- গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। তৃণমূল কর্মীদের দাবি, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীরা এ সব করেছেন। মন্ত্রীর অভিযোগ, তিনিও আক্রান্ত হয়েছেন। বিজেপির পাল্টা অভিযোগ, গিরিশ পার্ক দিয়ে যাওয়ার সময় তাদের কর্মীদের বাস লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল। পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও তাঁদের অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। বিজেপি জানিয়েছে, দলের উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। তমোঘ্নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে |ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কমিশন। শুধু তাই নয়, কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল না তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা কমিশনের কাছে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভোটের আগে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে। এরপরেও কেন তা ব্যবহার করা হল না তা নিয়ে প্রশ্ন কমিশনের। শনিবার দুপুরে ব্রিগেডে সভা রয়েছে মোদীর। গিরিশ পার্কে তৃণমূল কর্মীদের একাংশ জানিয়েছেন, সেই সভায় যোগ দিতে যাওয়ার সময়ে একদল বিজেপি কর্মী শশীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন। শশী বলেন, ‘‘বিজেপির গুন্ডারা এ সব করেছে। আজ যে বাসগুলি ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোমা। বহিরাগত গুন্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে।’’শশী জানিয়েছেন, গিরিশ পার্কে তাঁর বাড়ির আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার, ফ্লেক্স ছিল। বিজেপি কর্মীরা সেখান দিয়ে যাওয়ার সময় বাস থেকে নেমে এসে সে সব পোস্টার ছিঁড়ে দেন। তার পরে বাসে উঠে যান। এর পরে আবার তৃণমূল কর্মীরা সেই পোস্টার লাগাতে গেলে বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা মারধর শুরু করেন বলে অভিযোগ।বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের বাস লক্ষ্য করে ইট ছোড়েন। আহত হন বেশ কয়েক জন বিজেপি কর্মী। আহত হন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিগেডগামী বাসেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একটি ভিডিয়ো দেখিয়ে বলেন, ‘‘আমার কাছে ভিডিয়ো রয়েছে। শশী পাঁজার ছেলেরা আমাদের বাসে ঢিল মারছে। গোটা রাজ্যের মানুষের দেখা প্রয়োজন, যে ওরা গণতন্ত্রকে কতটা সম্মান করে। গাড়ি আটকাতে শশী পাঁজা সকল কাউন্সিলরদের ডেকে এই কাজ করেছে। পুলিশ আক্রমণ আটকানোর চেষ্টা করেনি।’’
Hindustan TV Bangla Bengali News Portal