দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবাসরীয় দুপুরে মোদির ব্রিগেডের মঞ্চে দেখা গেল দিলীপ ঘোষকে। তাঁর নাম ডেকে জগন্নাথ চট্টোপাধ্যায় স্বাগত জানাতেই চওড়া হাসি মুখে নিয়ে মঞ্চে উঠলেন মেদিনীপুরের একদা সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি। বাকিদের সাদা পাজামা পাঞ্জাবির মধ্যে দিলীপের পার্পল রঙের কুর্তাটি নজর পড়ার মতই।সকলকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, “সরকার যতদিন থাকবে গরিব মানুষের উন্নতি হবে না। চাকরি, যাতায়াত, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা ঠিক হবে না। গ্রামেগঞ্জে মোদি সরকার সব দিচ্ছেন। কিন্তু সব চুরি হয়ে যাচ্ছে। গ্রামবাংলার খেটে খাওয়া মানুষগুলির আবাস যোজনা, পানীয় জলের টাকা চুরি হয়েছে। গ্যাস ও রেশনের টাকা চুরি হয়েছে। চুরি বন্ধ করতে হলে পরিবর্তন করতে হবে।” বাংলায় নারীসুরক্ষাও নেই বলেই অভিযোগ দিলীপ ঘোষের। বাংলার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তাঁর বক্তব্য শেষের সময় হেলিকপ্টারে চড়ে মোদি পৌঁছন রেসকোর্সে। তাঁকে স্বাগত জানান দিলীপ।উল্লেখ্য, বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদির সভায় নিয়মিত দেখা যেত দিলীপ ঘোষকে। কিন্তু সভাপতির পদ ছাড়ার পর থেকে তাঁকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে খুব একটা দেখা যায়নি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আবার দলের কর্মসূচিতে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাঁকে। এর আগে মালদহ ও সিঙ্গুরে মোদির সভায় তাঁকে মঞ্চে রাখা হয়নি। তবে দীর্ঘদিন পর ব্রিগেডের সভায় তাঁর উপস্থিতি বিজেপির অন্দরেই নতুন করে আলোচনা তৈরি করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal