দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার বিকেলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় বড়সড় চমক, দলের ৭৪ জন বর্তমান বিধায়ককে এবার আর টিকিট দেওয়া হয়নি। অর্থাৎ, মোট সিটিং এমএলএদের প্রায় ৩৩ শতাংশকে বাদ দেওয়া হয়েছে।তাতে উল্লেখযোগ্যভাবে বাদ পড়াদের মধ্যে রইলেন হাওড়া শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল-সহ ৭৪ জন বর্তমান বিধায়কের। শুধু তাই নয়, মুকুল রায়ের মৃত্যুর পরে অনেকেই ভেবেছিলেন তাঁর ছেলে শুভ্রাংশু রায় হয়তো এবার তৃণমূলের টিকিট পাবেন। তবে তা হয়নি। শুধু তাই নয়, টিকিট না-পাওয়ার তালিকায় রয়েছে আরও কিছু নাম। যেমন শ্রীরামপুরের ডাঃ সুদীপ্ত রায়, উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী, চুঁচুড়ার অসিত মজুমদার, ডোমজুড়ের কল্যাণ ঘোষ প্রমুখ। সব মিলিয়ে, তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে ৩৩ শতাংশকেই এবার আর টিকিট দিলেন না দিদি। এ ব্যাপারে অনেক আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, ১৫ জন বিধায়কের আসনও বদল করা হয়েছে। যেমন, ডেবরার হুমায়ুন কবীরকে পাঠানো হয়েছে ডোমকলে, আর ডেবরায় প্রার্থী করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বেহালা পূর্বের রত্না চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বেহালা পশ্চিমে। শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ থেকে এনে দাঁড় করানো হয়েছে বালিগঞ্জে। আবার সওকত মোল্লাকে ক্যানিংয়ের বদলে ভাঙড়ে প্রার্থী করা হয়েছে। আসন বদলের জন্য দলের অনেক বিধায়কই আবেদন করেছিলেন। তবে সব আবদার মানেনি দলীয় নেতৃত্ব। যেমন, জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার বাইরে অন্য আসনে লড়তে চাইলেও সেই আবেদন খারিজ করা হয়। এদিকে, ১৩৫ জন বর্তমান বিধায়ককে ফের প্রার্থী করা হয়েছে। পাশাপাশি, নতুন মুখও আনা হয়েছে বেশ কিছু কেন্দ্রে। চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্য, উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খড়দায় দেবদীপ পুরোহিত, বেলেঘাটায় কুণাল ঘোষ, নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী এবং মহেশতলায় শুভাশিস দাসের মতো নতুন প্রার্থীরা তালিকায় জায়গা পেয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal